চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের লটমণি বন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বাঁশখালী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনায় জড়িত সন্দেহে মো. ইউসুফ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে বাঁশখালী থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের বাণীগ্রামের লটমণি পাহাড়ে সামাজিক বনায়ন সৃজন করে কিছু ভূমিহীন ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ওই বনের জায়গা দখলকে কেন্দ্র করে স্থানীয় মো. ইউসুফের সঙ্গে ভূমিহীনদের বিরোধ তৈরি হয়। গতকাল সকালে ইউসুফ ও তার পক্ষের লোকজন বিরোপূর্ণ জায়গায় বেড়া দিতে গেলে ভূমিহীনদের সঙ্গে সংঘর্ষ বাধে।
