মহেশপুর সীমান্তে থামছে না অনুপ্রবেশ

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:৪৩ এএম

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে শিশুসহ ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার ভোরে ওই উপজেলার জুলুলী বিওপির টহল দল মগদাসপুর মাঠের সীমান্ত থেকে তাদের আটক করে।

কয়েকদিন ধরে এ সীমান্ত থেকে কয়েক দফায় কয়েক শত অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি। 

মহেশপুর খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- ১ থেকে ২ বছর আগে তারা কাজের সন্ধানে ভারতে যান। বুধবার ভোরে জুলুলী ও বিওপির মগদাসপুর মাঠের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় শিশুসহ ৪ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ১ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটকদের মধ্যে ৩ জন খুলনা জেলার ও ১ জন হবিগঞ্জ জেলার।

আটক ৪ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তবে আটকরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন ওই কর্মকর্তা।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়নের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধভাবে প্রবেশের সময় মোট ২৪২ জনকে আটক করেছে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত