দাউদকান্দিতে মানববন্ধন

বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবি

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১১:১৬ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ঐতিহাসিক বঙ্গবন্ধু মঞ্চ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন, অবস্থান ধর্মঘট, বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। মঞ্চ পুনরুদ্ধার ও পুনঃস্থাপন কমিটির আয়োজনে গতকাল বুধবার সকালে দাউদকান্দি বাজার পুরনো ফেরিঘাটে দখলে থাকা মঞ্চের পাদদেশে এ কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের কয়েক হাজার জনতা।

উপজেলা আ.লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইলিয়টগঞ্জ ইউপি আ.লীগ সভাপতি মামুন চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মইন চৌধুরী, শ্রমিক লীগ সভাপতি ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, ছাত্রলীগ সভাপতি তারিকুল ইসলাম নয়ন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭৩ সালের ৪ এপ্রিল দাউদকান্দির তৎকালীন ফেরিঘাট এলাকায় ২৫ শতক জায়গার ওপর পর্যটন করপোরেশন দুইতলা ভবন নির্মাণ করে। কিন্তু ১৯৮৩ সালে ড. খন্দকার মোশাররফ হোসেন সেখান থেকে তার স্ত্রী বিলকিস মোশাররফের নামে ২০ শতক জমি করপোরেশনের নিলামে কিনে নেন। এরপর ২০০২ সালে জোট সরকারের আমলে উপজেলা বিএনপির সভাপতি সামসুল হক বাকি ৫ শতক ভূমিও মন্ত্রণালয় থেকে লিজ নিয়ে নেন।

উপজেলা আ.লীগ সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া ও উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ষড়যন্ত্রে ক্ষমতার অপব্যবহার করে তার স্ত্রী ও দলের নেতারা মিলে দুইতলা ভবনসহ ২৫ শতক জায়গা নিলামে তুলে দখল নেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার দেশের প্রতিটি উপজেলায় বঙ্গবন্ধু মঞ্চ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ দাউদকান্দিতে বঙ্গবন্ধু মঞ্চ আগেই ছিল, যেখানে ১৯৭৪ সালের ৪ এপ্রিল দাউদকান্দির ওই মঞ্চে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ভাষণ দেন। তৎকালীন সংবাদপত্রে এই মঞ্চের কথা উল্লেখ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত