মহাদেবপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলা বিএনপির নেতারাসহ কমপক্ষে আটজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রোকেয়া কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রোকেয়া কমিউনিটি সেন্টারে বিএনপির সম্মেলন শুরু হয়। প্রধান অতিথিসহ বিএনপির নেতাকর্মীরা যেন সম্মেলনে যেতে না পারেন সে জন্য রাস্তায় বাধা সৃষ্টি করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গত সংসদ নির্বাচনে দলটির প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিক জনি। বাধার মুখে নেতাকর্মীরা অন্য পথে যান। সম্মেলন চলাকালে জনি ও তার সমর্থকরা হামলা চালায়। তখন দু’গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় আটজন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে জনিসহ চারজনকে আটক করে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, সম্মেলনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জনিসহ চারজনকে আটক করা হয়েছে।
