জীবন্ত শিশু ও বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১১:২৩ পিএম

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া বাঁশহাটি এলাকা থেকে চার বছরের এক জীবন্ত শিশু ও এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাত আনুমানিক ১২টার দিকে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, বুধবার রাতে স্থানীয় লোকজন বাঁশহাটি এলাকায় অজ্ঞাত বৃদ্ধাকে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ভর্তির কিছুক্ষণ পর বৃদ্ধার মৃত্যু হয়। এ সময় বৃদ্ধার পাশ থেকে কান্নারত অবস্থায় চার বছরের এক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। শিশুটি শুধু তার নিজের নাম সামেনা, বাবার নাম বাদশা মিয়া, মায়ের নাম নূরী বেগম, বোন আমেনা এবং গ্রামের নাম বটতলী বলে জানাতে পেরেছে। এদিকে বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, অনেক খোঁজখবর করার পর নিহত বৃদ্ধা এবং পাশে থাকা শিশুটি কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে বৃদ্ধা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। শিশুটিকে নেওয়ার মতো কেউ না থাকায় আজ শুক্রবার তাকে সেইফ হোমে পাঠানো হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত