আজ মধ্যরাত থেকে ধর্মঘটে যাচ্ছেন নৌশ্রমিকরা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০২:৩৭ এএম

নৌশ্রমিকদের গেজেট মোতাবেক বেতন প্রদান ও সদরঘাটে শ্রমিক নেতাদের ওপর হামলার বিচারসহ ১১ দফা দাবিতে আজ শুক্রবার মধ্যরাত থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন। এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে কর্মবিরতির কথা থাকলেও প্রস্তুতির অভাবে কর্মসূচি এক দিন পিছিয়ে দেওয়া হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে গতকাল এ ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম

ভূঁইয়া। শাহ আলম বলেন, চার বছর

ধরে ১১ দফা বাস্তবায়নে মালিকপক্ষ বিভিন্ন সময় আশ^াস দিলেও তাদের হটকারিতা ও সরকারের মালিক তোষণনীতির কারণে আমাদের দাবি বাস্তবায়ন হয়নি। উল্টো বিভিন্ন সময় শ্রমিক ও নেতাদের হামলার শিকার হতে হয়েছে। অসংখ্য শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। এসব বিষয়ে অভিযোগ জানালেও এখন পর্যন্ত তার বিচার হয়নি। ঢাকা নদীবন্দর থেকে সব বেআইনি নৌ-চলাচল বন্ধ ও ঢাকা নদীবন্দরকে সব ধরনের সন্ত্রাসমুক্ত করতে হবে। কেরানি, কেবিন বয়সহ সব নৌ-যান শ্রমিককে গেজেট মোতাবেক বেতন-ভাতা, বোনাস প্রদানের দাবি জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, গেজেটের বাস্তবায়ন চাওয়ায় গাজী সালাউদ্দিন লঞ্চের ৬ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।  মালিকদের ইন্ধনে সদরঘাটে সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা করে। সর্বশেষ কেন্দ্রীয় অফিসেও হামলা করে সভাপতিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।  শ্রমিকদের প্রাণের দাবি ১১ দফার আন্দোলনকে নস্যাৎ করতে মালিকদের অপচেষ্টায় সব নৌ-যান শ্রমিকদের ক্ষোভ চরম আকার ধারণ করেছে। তিনি বলেন, সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দাবি পূরণ করলে শ্রমিকরা আন্দোলন থেকে বিরত থাকবেন।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আফছার হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম, আবদুল খালেক মাস্টার, কামাল উদ্দিন ড্রাইভার, আলমগীর হোসেন মাস্টার প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত