চট্টগ্রামে তল্লাশি চালিয়ে ১৯ ভরি ওজনের ২টি সোনার বারসহ রণজিত আচার্য্য (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সিটি গেইট এলাকায় তাকে আটক করে আকবরশাহ থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। তিনি ভারতের কলকাতার হাওড়া সুপারীপাড়া এলাকার বাসিন্দা।
আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ভোরে নগরের সিটি গেইটের পূর্বে পুলিশের তল্লাশি দেখে রণজিত নামে এক ভারতীয় নাগরিক ইউনিক পরিবহনের একটি বাস থেকে নেমে যায়। পায়ে হেঁটে সিটি গেইট অতিক্রম করছিল সে। পরে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১৯ ভরি ওজনের ২টি সোনার বার, ২ হাজার ইন্ডিয়ান রুপি, ৩ হাজার বাংলাদেশি টাকা, ১টি ইন্ডিয়ান পাসপোর্ট ও ১টি ইউনিক বাসের টিকিট জব্দ করা হয়।
×
