চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’-এর তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গোপন বৈঠকের সময় তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুর ঝিনাইদহ র্যাব-৬-এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ধর্মীয় উগ্রবাদী লিফলেট, সংগঠনের সদস্যদের নামীয় তালিকা, গোপন বৈঠকে সদস্যদের হাজিরার তালিকার ফটোকপিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি এবং তিনটি মোবাইল ফোন।
গ্রেপ্তাররা হলো চুয়াডাঙ্গার সদর উপজেলার কুলচারা গ্রামের ছেলে রুহুল আমিন (৪০), দামুড়হুদা উপজেলার গোপিনাথপুর গ্রামের কলম মণ্ডল (৩৯) ও ঝিনাইদহের ভুটিয়ারগাতি গ্রামের নুর ইসলাম পাখি (৩৮)।
