সরকারের দুর্নীতিবিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার একটি অনির্বাচিত সরকার। প্রতিটি ড়্গেত্রে সরকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। তাই সরকারের দুর্নীতিবিরোধী অভিযান বন্ধ হয়ে গেছে।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, ‘বর্তমান সরকারের ১১ বছর হয়ে গেছে। দেশের মানুষ এখন অতিষ্ঠ। তারা সরকারের পরিবর্তন চায়। জনগণের কাি•ক্ষত পরিবর্তন যত তাড়াতাড়ি আসবে দেশের জন্য ততই মঙ্গল হবে।’ তিনি বলেন, ‘দেশের জনগণ আশা করছে সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে বিএনপি চেয়ারপারসনকে জামিন দেবেন। যদি না দেন তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দিচ্ছেন না।’
