সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল রবিবার দুপুরে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। তাদের দাবি, সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুর হয়ে পাবনার বেড়া উপজেলার ঢালার চর পর্যন্ত রেললাইন স্থাপন করে এ এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করতে হবে। শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে শাহজাদপুর চৌকি আদালতের আইনজীবী সমিতির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আজীজ, সাধারণ সম্পাদক স্পেশাল পিপি শেখ আবদুল হামিদ লাবলু, আনোয়ার হোসেন, আবুল কাশেম, মতিয়ার রহমান, কবীর আজমল বিপুল, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বলেন, শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। বাঘাবাড়ী নৌবন্দর থেকে গোটা উত্তরবঙ্গে খাদ্যশস্য, সার, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল সরবরাহ করা হয়। নৌবন্দর থেকে এসব মালামাল সরবরাহে রেললাইন স্থাপন অত্যন্ত জরুরি। তা ছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য রেললাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
