কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজতলা এলাকায় বাড়ির সীমানা দেয়াল ধসে অজ্ঞাতপরিচয়ের এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বয়স ৬০-৬২ বছর বলে জানিয়েছে পুলিশ। পরনে রয়েছে সাদা জামা ও চেক লুঙ্গি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই বাছিরউদ্দিন জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করতেন। কিন্তু তার পরিচয় কেউ জানে না। রবিবার দুপুরে মুড়ির ঝোলা কাঁধে নিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশের জনৈক কবির মিয়ার বাড়ির সীমানা দেয়াল ধসে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
