বাধ্যতামূলক ছুটিতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. রুশাদ ফরিদী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সিঁড়িতেই ক্লাস নিয়েছেন। এ সময় শতাধিক শিক্ষার্থী অংশ নেন তার ক্লাসে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ ক্লাস শুরু হয়। ক্লাসে ফিরতে চেয়ে গত বুধবার ও এর আগের দিন মঙ্গলবার তিনি বিভাগের চেয়ারম্যানের রুমের সামনে অবস্থান নেন। এ সময় তিনি ‘আমি শিক্ষক আমাকে ক্লাসে ফিরে যেতে দিন’ লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
২০১৭ সালে অর্থনীতি বিভাগের শিক্ষকরা রুশাদ ফরিদী বিরুদ্ধে ‘শিক্ষকসুলভ আচরণ না করার’ অভিযোগ আনেন। শিক্ষার্থীদের কাছে বিভাগের অন্য শিক্ষকের বিরুদ্ধে বাজে মন্তব্য করেন বলেও অভিযোগ করেন অন্য শিক্ষকরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময় বিভাগে জরুরি বৈঠক ডাকা হয়। পরে বিভাগ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট সুপারিশ করা হয়। সুপারিশে বিভাগের ৩১ শিক্ষক রুশাদ ফরিদীর সঙ্গে কাজ করবেন না জানিয়ে স্বাক্ষর করেন। শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে ২০১৭ সালের ১২ জুলাই তাকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এদিকে এ বছর হাইকোর্ট সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রুশাদ ফরিদীকে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার আদেশ দেয়। তবে বিশ্ববিদ্যালয়ের অসহযোগিতায় ক্লাসে ফিরতে পারছেন না বলে অভিযোগ রুশাদ ফরিদীর।
ক্লাস নেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে রুশাদ ফরিদী বলেন, প্রতিবাদ স্বরূপ হলেও সিরিয়াস ক্লাস নিয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অবৈধ সিদ্ধা‡ন্তর প্রতি প্রতিবাদ স্বরূপ। ক্লাসে ফিরতে না পারলেও ক্লাসের বাইরে সিঁড়িতে ফিরতে পেরে ভালো লাগছে। উদ্যোগী ছাত্রদের অনেক ধন্যবাদ।
