ভোলার তজুমদ্দিনে মোটরসাইকেল দূর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ভোলা জেলা পরিষদের সদস্য ওবায়েদ উল্লাহ নাসিম হাওলাদার নিহত হয়েছেন।
রবিবার রাতে উপজেলার মহিলা কলেজের সামনে মোটরসাইকেল দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, রাতে ওবায়েদ উল্লাহ নাসিম স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের সাথে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে তজুমদ্দিন মহিলা কলেজের সামনের রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। এসময় একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে তাকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা তাকে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
