কর্মশালায় জাফর ওয়াজেদ

‌‘আমাদের সমাজ নারীদের কাজকে কাজই মনে করে না'

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৫ পিএম

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন, ‘পরিবারে মা সকালে ঘুম থেকে উঠে খাবার তৈরি করা থেকে শুরু করে যাবতীয় কাজ করে থাকেন। সন্তানকে স্কুলে পাঠান, বাড়ি ফিরলে যত্ন করে ঘুম পারান, গরু ছাগল দেখাশোনা করা, জমির ফসল প্রক্রিয়া করে ঘরে তোলাসহ আরও অনেক কাজ করেন। কিন্তু আমাদের সমাজ নারীদের এসব কাজকে কাজই মনে করে না। নারীদের সারাদিনের গৃহস্থালির কাজকে যদি মূল্যায়িত করা যায় তবে আমাদের পরিবার ও সমাজের চিত্র বদলে যাবে।’

মঙ্গলবার রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবি এর সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রেক্ষাপট গৃহস্থালির সেবামূলক কাজ’ বিষয়ক সাংবাদিক কর্মশালার শেষ দিনে সভাপ্রধানের বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অনেক পরিবারে এখনও যৌতুকের দাবিতে নারীদের নিপীড়ন করা হয়। তবে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী নারীদের অনেকেই এই এই নিপীড়ন থেকে বের হতে পেরেছেন।’

বেসরকারি এনজিও একশ্যানএইড বাংলাদেশ ও পিআইবি এর যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন একশ্যানএইড ইন্টারন্যাশনাল এর সাউথ এশিয়া অ্যাডভোকেসি কো–অর্ডিনেটর মো. হেলাল উদ্দিন। এমআরডিআই এর হেড অব প্রোগ্রাম মিরাজ আহম্মেদ চৌধুরীসহ এনজিওটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলে নারীদের গৃহস্থালির কাজের চিত্র তুলে ধরে একশ্যানএইড বাংলাদেশের বিভিন্ন গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করা হয়। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ২০ জন মফস্বল সাংবাদিকসহ মোট ৩৫ জন সংবাদকর্মী অংশ নেন। কর্মশালার সমন্বয়কারী হিসেবে ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান।

কর্মশালায় বক্তাদের আলোচনার মধ্য দিয়ে উঠে আসে পরিবারে নারীদের কাজকে মূল্যায়িত করা হয় না। সারা দিনের গৃহস্থালির কাজ করার পরও বেশিরভাগ পরিবারে একটু সহমর্মিতা দেখানো হয় না নারীদের প্রতি। গৃহস্থালির সব কাজের ভার নারীরা বহন করলেও তাদের ভূমিকা থেকে যাচ্ছে অস্বীকৃত ও অমূল্যায়িত। বিশেষ করে কর্মজীবী নারীদের ক্ষেত্রে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একশ্যানএইড বাংলাদেশের প্রোগ্রাম পলিসি অ্যান্ড ক্যাম্পেইন এর ডিরেক্টর আসগর আলী সাবরী। অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে দিয়ে দুই দিন ব্যাপী কর্মশালা শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত