কেরানীগঞ্জে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৩:০৯ এএম

কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ড্রাইভিং লাইসেন্স প্রদান ও গাড়ির ফিটনেস পরীক্ষায় অনিয়মসহ বিভিন্ন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ও হয়রানি, গাড়ির ফিটনেস পরীক্ষায় অনিয়ম, লাইসেন্স প্রদানে বিলম্বসহ নানাবিধ বিষয়ে দুদকে অভিযোগ আসে। যার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কমিশন। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মানসী বিশ্বাস ও উপসহকারী পরিচালক শিহাব সালামের সমন্বয়ে গঠিত পুলিশসহ পাঁচ সদস্যের টিম এ অভিযান চালায়।

তিনি আরও জানান, দুদক টিম ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা গ্রহণে ব্যাপক অনিয়ম পান এবং দুর্নীতির কিছু সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করেন। এর মধ্যে উন্মুক্ত পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার খাতায় প্রাপ্ত নম্বর উল্লেখ না করা, অতি অল্প সময়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা। এসব কারণে সেবাপ্রত্যাশীরা হয়রানির শিকার হন।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, অভিযান পরিচালনাকারী দল পৌঁছানোর আগে প্রায় ১০০ জনের পরীক্ষা নেওয়া হয়েছে। আরও ১৩০ জনের পরীক্ষা দুদক টিমের সামনে নেওয়া হয়। দুটি পরীক্ষার ফলাফল বিশেস্নষণে দেখা যায় যে, প্রথম ব্যাচে পরীক্ষার্থীদের মধ্যে মাত্র একজন অনুত্তীর্ণ হয়েছেন এবং দ্বিতীয় ব্যাচের পরীক্ষার্থীদের মধ্যে ১৫ জন অকৃতকার্য হয়েছেন। টিম উপস্থিত সব পরীক্ষার্থীকে সেবা প্রাপ্তিতে যেকোনো হয়রানি, অনিয়ম ও দুর্নীতি দুদকে জানানোর জন্য অনুরোধ করে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত