তুষার ধসে কাশ্মীরে ৩ ভারতীয় সেনা হতাহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১০:৩২ এএম

ভারত শাসিত কাশ্মীরের কুপওয়ারায় তুষারের নিচে চাপা পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিন জওয়ান।

মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরের ওপর তুষার ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, তুষার ধসে চাপা পড়েন বেশ কয়েকজন সেনা সদস্য। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জওয়ানের।

ঘটনার পরই তল্লাশি শুরু করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল। সর্বশেষ খবর অনুযায়ী, এক সেনা সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও এদিন আছড়ে পড়ে তুষার। সেখানেও বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৩০ নভেম্বর উত্তর সিয়াচেনে ব্যাপক তুষার ধসে চাপা পড়েন আট সেনা সদস্যের গোটা টহলদল। পুরু বরফের স্তর সরিয়ে তাদের উদ্ধারের পর হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ছয় সেনা মারা যান।

কারাকোরাম পর্বতমালার অংশ সিয়াচেন বিশ্বের উচ্চতম সামরিক অঞ্চল। সমুদ্রতল থেকে প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় সেনা জওয়ানদের শত্রুপক্ষের চেয়েও বেশি লড়াই করতে হয় প্রতিকূল আবহাওয়ার সঙ্গে।

শীতের সময় এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৬০ ডিগ্রি পর্যন্ত। মাঝেমধ্যেই ব্যাপক তুষার ধসের ঘটে প্রাণহানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত