সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকায় স্বামীর সঙ্গে বের হয়ে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবার। অভিযোগের সাত দিন পার হয়ে গেলেও গৃহবধূর কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।
জানা গেছে, সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকার জোনাকীর (১৮) সঙ্গে পূর্ব বেহাকৈরের বাহারুলের (২০) চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে নব দম্পতির মাঝে বিবাদ চলছিল। গত ২৮ নভেম্বর বাহারুল স্ত্রী জোনাকীকে নিয়ে বেড়াতে বের হয়। রাত ৮টার দিকে বাহারুল শ^শুরবাড়ির লোকজনের কাছে জানতে চায় জোনাকী ওই বাসায় গেছেন কি না। বাহারুলের কথায় শ^শুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। জোনাকীর খোঁজ নিয়ে তাকে না পেয়ে বাহারুলকে চাপ প্রয়োগ করলে উল্টো হুমকি দেয় সে। কোনো সন্ধান না পেয়ে জোনাকীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় বাহারুলকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে তদন্তকারী এএসআই আমিনুল জানান, জোনাকীর মোবাইল ফোনের কল লিস্টের জন্য অপেক্ষায় আছি। কললিস্ট হাতে পেলেই দ্রুত তদন্তকাজে নেমে পড়ব।
