বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আরও একটি ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমোদন দিয়েছে সরকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এটিসহ মোট তিনটি ক্রয়-প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সরকারি কাজে দেশের বাইরে থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। বৈঠকে কমিটির অন্যান্য সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বেসরকারি খাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ পারুয়া, ঘাটচেক ও সরফভাটায় ৫৫ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের লক্ষ্যে একটি ক্রয়-প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব মেটিটো ইউটিলিটিস লিমিটেড। সরকার ৫ দশমিক ৯৮ পার কিলোওয়াট-ঘণ্টা রেটে এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২০ বছর মেয়াদে বিদ্যুৎ ক্রয় করবে বলে চুক্তি হয়েছে।
