‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টের জারি করা রুলের ওপর শুনানি শুরু হয়েছে।
বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। বৃহস্পতিবার ফের শুনানি হবে।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে ২০১৭ সালের ৪ ডিসেম্বর রুল জারি করেছিল হাইকোর্টের একটি বেঞ্চ।
রিটকারী আইনজীবী বশির আহমেদ আবেদনে উল্লেখ করেন, ‘জয়া বাংলা’ কোনো ব্যাক্তি বা দলের স্লোগান নয়। এটি আমাদের প্রেরণার প্রতীক। এ স্লোগান দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এ স্লোগানে উজ্জীবীত হয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। পৃথিবীর অনেক দেশে জাতীয় স্লোগান থাকলেও আমাদের দেশে তা নেই। তাই ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চান তিনি।
রুলে কেন ‘জয়া বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় রুলের শুনানি শুরু হয়।
