ঝালমিষ্টি নাশতা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪০ পিএম

শীতের সন্ধ্যায় রকমারি নাশতার রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা

সার্কেল চিকেন ঝালপিঠা

উপকরণ

ডোয়ের জন্য : ময়দা ১ কাপ, তেল ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, লবণ আধা চা চামচ, পানি আধা কাপ।

পুরের জন্য : চিকেন কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা আধা চা চামচ, মরিচ কুচি ২টি, ব্ল্যাক পেপারের গুঁড়ো আধা চা চামচ, লবণ আধা চা চামচ, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. ময়দার সঙ্গে লবণ, বেকিং পাউডার, তেল দিয়ে ভালো করে মেখে পানি দিয়ে ডো তৈরি করুন। এই ডো ঢেকে রাখুন ৩০ মিনিটের জন্য।

২, ফ্রাইপ্যানে ১ টেবিল চামচ তেল ও পেঁয়াজ কুচি দিয়ে ভেজে একে একে সব উপকরণ ভেজে কিমা রান্না করুন।

৩. এবার ডো থেকে অল্প করে ময়দা নিয়ে রুটি বেলে একপাশে কিছুটা কিমা দিন। অপর পাশে ছুরি দিয়ে এক ইঞ্চি করে লম্বা করে কাটুন। এবার সাবধানে মুড়ে নিন কিমাটা, এবার রোল করুন।

৪. ডুবো তেলে ভেজে পরিবেশন করুন।

স্পাইসি চিকেন

উপকরণ

চিকেন লেগ পিস ৪টি, গোল মরিচের গুঁড়ো আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, লবণ সিকি চা চামচ, ডিম ১টি, ময়দা ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ইচ্ছামতো, কাঁচা মরিচ কুচি ২টি, টমেটো সস ১ টেবিল চামচ, রেড চিলি সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, চিলি ফ্লেক্স আধা টেবিল চামচ, তেল ২ কাপ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, কালো গোল মরিচের গুঁড়ো আধা চা চামচ।
যেভাবে তৈরি করবেন

১. চিকেন লেগ আদা, রসুন বাটা, গোল মরিচ, লবণ দিয়ে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিন।

২. এবার ডিম ফেটে নিয়ে তাতে ডুবিয়ে শুকনা ময়দায় কোট করে রেখে দিন।

৩. এবার ডুবো তেলে ভালো করে ভাজুন।

৪. এবার ফ্রাইপ্যানে অলিভ অয়েল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে সামান্য ভেজে বাকি সব সস ও মসলা দিয়ে গ্রেভি করে নিন।

৫. ঘন হয়ে এলে তাতে চিকেন লেগ দিয়ে কোটিং করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

পিন হুইল সমুচা

উপকরণ

ডোয়ের জন্য : ময়দা ১ কাপ, সুজি ২ চা চামচ, তেল ২ চা চামচ, লবণ আধা চা চামচ, পানি আধা কাপ।

পুরের জন্য : আলু বড় ২টি, মটরশুঁটি আধা কাপ, কাঁচা মরিচ কুচি ২টি, মরিচের গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, ধনেগুঁড়ো আধা চা চামচ, গরম মসলার গুঁড়ো সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ২ কাপ।

বি. দ্র : ২ থেকে ৩ চা চামচ ময়দা ১ কাপ পানিতে গুলে রাখুন।

যেভাবে তৈরি করবেন

১. ডোয়ের জন্য শুকনা সব উপকরণ মিশিয়ে পরিমাণমতো পানি দিয়ে ডো তৈরি করে এয়ার টাইট পাত্রে এক ঘণ্টার জন্য রেখে দিন।

২. এবার আলু, মটরশুঁটি সেদ্ধ করে বাকি সব উপকরণ মিশিয়ে নিয়ে পুর বানিয়ে রাখুন।

৩. ডোটাকে একটু ভালো করে মথে নিয়ে বড় আকারের রুটি বেলে নিন। রুটিটা নরমাল রুটির চেয়ে একটু মোটা হবে। রুটির ওপর পুরো পুরটা বিছিয়ে দিন, একপাশ থেকে আস্তে আস্তে রোল করে নিন। পুরোটা রোল হয়ে গেলে ধারালো ছুরি দিয়ে ১ ইঞ্চি করে কেটে নিন।

৪. হাতের তালুতে নিয়ে হালকা একটু চাপ দিয়ে ময়দা গোলানোতে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন মজাদার পিন হুইল সমুচা।

বারবিকিউ চিকেন মোমো

উপকরণ

রুটির খামির তৈরি : ময়দা বা আটা ১ কাপ, লবণ সিকি চা চামচ, পানি আধা কাপ।

পুর তৈরি : চিকেন কিমা বেটে নেওয়া ১ কাপ, পেঁয়াজ মিহি কুচি ২ চা চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ চা চামচ, সয়াসস ১ চা চামচ, ভিনেগার বা লেবুর রস ১ চা চামচ, সাদা গোল মরিচের গুঁড়ো আধা চা চামচ, মাখন ১ চা চামচ, লবণ সিকি চা চামচ।

বারবিকিউ ফ্লেভারের জন্য : বারবিকিউ সস ২ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, চিলি সস ১ চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পুর তৈরির সব উপকরণ ভালো করে মেখে নিন। পুরের পরিমাণ বাড়াতে গাজর, বাঁধাকপি কুচি করে মিশিয়ে দিন।

২. ময়দা বা আটা, লবণ ও পানি মেখে রুটির খামির বানিয়ে আধা ঘণ্টা ঢেকে রেখে দিন। এরপর এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিন। ১ চামচ পরিমাণ পুর দিয়ে হাতে চেপে লেচির মুখ বন্ধ করুন। যেভাবে পুলিপিঠা বানানো হয়, ঠিক সেভাবে। অনেক রকমভাবে মোমো ভাঁজ করা যায়। পুঁটলি, তিন কোনা, চার কোনা করে নিতে পারেন।

৩. এবার স্টিম করার পাত্রে পানি গরম করে মোমো ১০ থেকে ১৫ মি. ভাপ দিলেই হয়ে যাবে। বিকল্প হিসেবে যেকোনো পাতিলে পানি গরম করে মুখে চালুনি বা স্টিলের ছাঁকনি বসিয়ে ও ঢেকে ভাপ দেওয়া যাবে।

৪. চালুনিতে বসানোর আগে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে, এতে মোমো চালুনিতে আটকে যাবে না এবং দেখতে সুন্দর ও চকচকে হবে।

৫. এবার অন্য একটি ফ্রাইপ্যানে সব সস ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিয়ে গরম করুন। স্টিম করা মোমোগুলো দিয়ে ভালো করে কোটিং করে নামিয়ে পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত