নীলফামারী জেলা আ.লীগ: সভাপতি কামাল সম্পাদক মমতাজ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৭ পিএম

১৩ বছর পর আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আবারও দেওয়ান কামাল আহমেদ সভাপতি এবং মমতাজুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাংসদ রমেশ চন্দ্র সেন।

সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আওয়ামী লীগে যারা অনুপ্রবেশকারী আছে পত্রপত্রিকায় তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয়সহ দেশের সব জেলা ও উপজেলার অনুপ্রবেশকারীদের তালিকা দেখে তাদের ঝেঁটিয়ে বিদায় করা হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় এসব অনুপ্রবেশকারীর তালিকা প্রকাশ করা হবে।’

বিকেলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় সর্বসম্মতিক্রমে পুনরায় দেওয়ান কামাল আহমেদকে সভাপতি এবং মমতাজুল হককে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের ওই কমিটির ২৪ জনের নাম ঘোষণা করা হয়।

আগামী এক মাসের মধ্যে অবশিষ্ট সদস্য নির্বাচন করে কেন্দ্রীয় কমিটির অনুমোদন নেওয়ার নির্দেশ দেন জাহাঙ্গীর কবির নানক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত