আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ২০২১ সালের মধ্যে নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালের মধ্যে ভোলা-বরিশাল সেতুর কাজ বাস্তবায়ন করা হবে। ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্নের সেতুটি তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর নির্মিত হবে। এর দৈর্ঘ্য হবে সাড়ে ১২ কিলোমিটার। যার মধ্যে সাড়ে তিন কিলোমিটার ও দেড় কিলোমিটার দৈর্ঘ্যের দুটি সেতু হবে, বাকিটুকু সড়ক। এ সেতুর মধ্য দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা।
বৃহস্পতিবার দুপুরে ভোলা-বরিশাল সেতু নির্মাণ প্রস্তাবনার অগ্রগতি শীর্ষক পর্যালোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তোফায়েল আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভোলা-বরিশাল সেতু হবে এবং এ সেতু নির্মাণ এখন সময়ের ব্যাপার। সেতুকে কেন্দ্র করে ইপিজেড ও টুরিজম হবে। ভোলা একটি শিল্পায়নের জেলা হবে। সারা দেশের মধ্যে ভোলা একটি শ্রেষ্ঠ জেলায় রূপািন্তত হবে। এ জেলাকে সিঙ্গাপুরের আদলে সাজানো হবে।
এ সময় সেতু সচিব বেলায়েত হোসেন বলেন, সেতুটির ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট চ‚ড়ান্ত করা হয়েছে। ভোলা-বরিশাল সেতু ভোলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এখন বাস্তবায়নের পথে।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে। বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন প্রমুখ। সভা শেষে তোফায়েল আহমেদসহ সেতু বিভাগের একটি প্রতিনিধিদল সেতুর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
