মধ্যপ্রাচ্যে আরও ১৪ হাজার অতিরিক্ত সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রভাবশালী দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে। তবে এ খবর অস্বীকার করা হয়েছে পেন্টাগনের পক্ষ থেকে।
গত বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মোতায়েন করা এই সামরিক বহরে কয়েক ডজন যুদ্ধজাহাজ এবং এই অঞ্চলে মোতায়েন করা সেনা সদস্যের দ্বিগুণ সেনা মোতায়েন করা হতে পারে। চলতি মাসের প্রথম দিকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।
তবে পেন্টাগন ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। পেন্টাগনের মুখপাত্র অ্যালিসা ফারাহ এক টুইট বার্তায় বলেছেন, পরিষ্কার করে বলতে গেলে এই প্রতিবেদন মিথ্যা। মধ্যপ্রাচ্যে ১৪ হাজার অতিরিক্ত সেনাসদস্য পাঠানোর কথা বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র।
উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শক্তিশালী সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। নভেম্বরের মাঝের দিকে ইরানি হুমকির মুখে মিত্রদের আশ্বস্ত করার লক্ষ্যে হরমুজ প্রণালিতে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়। অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা প্রধান মার্ক এস্পার সৌদি আরবে দুটি ফাইটার স্কোয়াড্রন ও অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি সৌদি আরবে পাঠানোর ঘোষণা দেন।
