একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দেশ রূপান্তরকে এই তথ্য জানিয়েছেন তার ভাতিজা পিনু।
এর আগে গত ২৫ নভেম্বর রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়।
তার স্বজনেরা জানিয়েছেন, পুরান ঢাকার চকবাজারে শাহী মসজিদে শুক্রবার তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পরিবারের সিদ্ধান্ত মোতাবেক এফডিসিতে নেওয়া হতে পারে।
১৯৪৯ সালের ১৯ মে পুরান ঢাকার হেকিম হাবিবুর রহমান রোডে জন্মগ্রহণ করেন মাহফুজুর রহমান খান। পেশাদার চিত্রগ্রাহক হিসেবে তিনি ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন।
আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ূন আহমেদ, শিবলি সাদিকের মতো বরেণ্য চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অসংখ্য সিনেমার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান।
কাজের স্বীকৃতিস্বরূপ নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আটবার বাচসাস পুরস্কার পেয়েছেন তিনি।