মামলার শুনানিতে অংশ নিতে আদালতে যাওয়ার পথে ধর্ষণের শিকার এক নারীকে (২৩) পুড়িয়ে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের উন্নাওতে তার গায়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। চলতি বছরের মার্চে ওই নারী গ্রামের দুই পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন। সেই মামলার শুনানি ছিল কাল। বিবিসির খবরে বলা হয়েছে, ওই নারী এখন লক্ষেèৗর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে।
খবরে বলা হয়েছে, ওই নারী গতকাল আদালতের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে একটি ট্রেন স্টেশনে পৌঁছালে একদল লোক তাকে আক্রমণ করে এবং একটি মাঠে নিয়ে যায়। সেখানেই তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে লক্ষেèৗয়ের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আগুন দেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ধর্ষণ মামলার দুই আসামিও রয়েছে।
এদিকে ভারতের সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণ মামলার পর মূল অভিযুক্তদের মধ্যে একজনকে উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিন পায় সে। অন্য অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উন্নাওয়ের অন্য একটি ধর্ষণ মামলা নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই অভিযোগকারীকে পুড়িয়ে হত্যাচেষ্টার এ ঘটনা ঘটল।
ক্ষমতাসীন দলের স্থানীয় এক সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা এক নারী জুলাইয়ে গাড়িচাপায় গুরুতর আহত হলে পুলিশ হত্যাচেষ্টার অভিযোগের তদন্ত শুরু করে। গাড়িচাপার ওই ঘটনায় অভিযোগকারীর দুই আত্মীয় নিহত এবং তার আইনজীবী আহত হয়েছিলেন। তেলেঙ্গানায় ২৭ বছর বয়সী এক নারী পশুচিকিৎসককে হত্যার ঘটনা নিয়েও ভারতজুড়ে এখন তীব্র প্রতিবাদ চলছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলেই ধারণা পুলিশের। বিবিসির প্রতিবেদন অনুসারে ২০১৭ সালেই দেশটিতে ৩৩ হাজার ৬৫৮টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে বলে সরকারি এক হিসাবে জানানো হয়েছে।
