চলচ্চিত্রকার তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকারগ্রন্থ ‘চলচ্চিত্র কথা’ প্রকাশিত হলো।
তারেক মাসুদের ৬৩তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে গ্রন্থটির প্রকাশনার পাশাপাশি ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে।
বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত জানান মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন তারেক মাসুদের ভাই নাহিদ মাসুদ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।
অনুষ্ঠানের প্রথম পর্বে দেখানো হয় তারেক মাসুদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আদম সুরত’। এরপর তারেক মাসুদের বক্তৃতা ও সাক্ষাৎকারের সংকলন ‘চলচ্চিত্র কথা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়। বইটি সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৯’। বক্তৃতা প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও চলচ্চিত্র গবেষক আ. আল মামুন। বিষয় ছিল ‘রাজনৈতিক ইসলাম এবং পশ্চিমা সেক্যুলারতন্ত্রের বাইরে: তারেক মাসুদের শিল্প ও সাধনা’।
