শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গতকাল শনিবার থেকে শুরু হলো ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ উৎসবে বিশে^র ৪৫টি দেশের দুই শতাধিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যরে সিনেমা বিভিন্ন বিভাগে দেখানো হবে। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত উৎসব উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় মন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক উন্নয়ন যতই হোক, আমাদের চিত্ত, মননের বিকাশের জন্য সাংস্কৃতিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। আমাদের দর্শকদের ভালো সিনেমা দেখাতে হবে।’
উদ্বোধনী সন্ধ্যায় হীরালাল সেন আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয় চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কুমার সাহানী ও কমল স্বরূপ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দীন ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক এন. রাশেদ চৌধুরী। উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সাইদুল আনাম টুটুল, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহাম্মদ খসরুর স্মৃতির প্রতি। প্রথম দিন শওকত ওসমান মিলনায়তনে পাঁচটি ও শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।
চলচ্চিত্রের প্রদর্শনী ছাড়াও উৎসবে আলমগীর কবির স্মারক বক্তৃতা, তিনটি প্রশিক্ষণ কর্মশালা ও একটি মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে। উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে রয়েছেন ভারতের কমল স্বরূপ, ব্রিটিশ সাংবাদিক নামান রামাচন্দ্রন, লিথুয়ানিয়ার চলচ্চিত্র নির্মাতা লাইনাস মিকুতা, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাঈদ নেজাতি, ভারতের অনির্বাণ দত্ত ও বাংলাদেশের জাহিদুর রহিম অঞ্জন। উৎসবের ভেন্যুÑ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তন, জাতীয় চিত্রশালা মিলনায়তন ও সেমিনার হল।
