নবজাতক রেখে পালালেন মা, দত্তক নিতে ভিড়

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭ পিএম

চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ১৫ দিনের মেয়েশিশুকে ফেলে রেখে পালিয়েছেন এক মা। ঘটনার পর থেকে শিশুটিকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন অনেক নিঃসন্তান দম্পতি। তাদের কেউ কেউ শিশুটিকে লালন-পালন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

গতকাল রবিবার সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও সুজাউদ-দৌলা রুবেল বলেন, ‘গত বৃহস্পতিবার বাচ্চাটিকে একা ফেলে চলে যান তার মা। অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশুটি প্রথম দিকে অসুস্থ থাকলেও সেবা-যতœ পেয়ে এখন বেশ সুস্থ। চাঁদপুর মডেল থানার এক কনস্টেবলের স্ত্রী কুলসুমা বেগম শিশুটিকে বুকের দুধ খাওয়াচ্ছেন। তারা শিশুটিকে নিয়ে লালন-পালন করতে আগ্রহী।’

আরএমও জানান, এই নবজাতককে দত্তক নিতে ইতিমধ্যে হাসপাতালে ১৫ জনের বেশি দম্পতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

হাসপাতালের সিনিয়র নার্স মুক্তি রানী দাস জানান, ১৫ দিন আগে এখানে শিশুটির জন্ম হয়। চার দিন প্রসূতি ও নবজাতক একসঙ্গে ছিল। পরে চলেও যায় তারা। কিন্তু শিশুটির ঠান্ডাজনিত সমস্যা দেখা দিলে তাকে নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন তার মা। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডের একটি বেডে শিশুটিকে একা ফেলে রেখে চলে যান মা। 

শিশুটির মা চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামের ঠিকানা ব্যবহার করে ‘সাথী’ নামে হাসপাতালে ভর্তি হলেও সেখানে এই ঠিকানায় তাকে পাওয়া যায়নি। হাসপাতালের রেজিস্ট্রি খাতায় মেয়ের নানার নাম তাজুল ইসলাম লেখা ছিল। এ নিয়ে বেকায়দায় পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশুটির দেখভাল করা কুলসুমা বেগম বলেন, ‘আমি শিশুটিকে মায়ের আদর-স্নেহ দিয়ে লালন-পালন করছি। আমার বুকের দুধ খাইয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। তাকে পালনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকের কাছে আবেদনও করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত