চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) গেটসংলগ্ন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের (টিঅ্যান্ডটি) মালিকানাধীন মাঠটি চারদিক থেকে দখল করে রেখেছে কিছু প্রভাবশালী ব্যক্তি। দীর্ঘদিন যাবৎ বেদখল হয়ে থাকা মাঠটি উদ্ধারে টিঅ্যান্ডটি কর্তৃপক্ষ কার্যত কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
গত ৩ নভেম্বর সরেজমিনে দেখা যায়, ৮৮ শতক মাঠের প্রবেশমুখের উভয় পাশে দোকানঘর করে ভাড়া দিয়ে রেখেছেন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। মাঠের পূর্বপাশ গাড়ির স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে ১০টি গাড়ি দেখা যায়। আর দক্ষিণ পাশে মুরগির খামার। চারদিক থেকে সরু হয়ে মাঝখানে অল্প কিছু জায়গা খালি রয়েছে। অথচ একসময় এই মাঠ ক্রীড়ামোদীদের বিচরণ আর শিশুদের হইচইয়ে মুখর থাকত। আশপাশের বাসিন্দাদের বিনোদনের স্থান ছিল এই মাঠ। এ ছাড়া এলাকার বড় বড় সামাজিক অনুষ্ঠানও হতো এ মাঠেই। স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতা শওকত ইকবাল আফসোস করে বলেন, ‘একসময় বিকেলে হাঁটতে যেতাম এই মাঠে। শিশুদের খেলাধুলা আর চিৎকার-চেঁচামেচিতে সুন্দর সময় কাটত তখন। এ ছাড়া আশপাশের এলাকার কেউ মারা গেলে জানাজা পড়ানো হয় এ মাঠেই। মাঠ সরু হয়ে যাওয়ায় জানাজায়ও সমস্যা হয়ে যায়।’
মাঠের জায়গা পুনরুদ্ধার করা জরুরি বলে মনে করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘টিঅ্যান্ডটির কর্মকর্তারা মাঝেমধ্যে আসেন। কিন্তু মাঠের সিংহভাগ বেদখল হয়ে গেলেও পুনরুদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন না কেন, তা আমার বোধগম্য নয়।’ এলাকাবাসীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় এ মাঠ দ্রুত উদ্ধারের দাবি জানান তিনি।
টিঅ্যান্ডটির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী প্রকৌশলী নুরুল আমিন বলেন, ‘মাঠ বেদখল হওয়ার বিষয়টি জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে মাঠ পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
