নীলফামারীতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ পিএম

নীলফামারী জেলা শহরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ডিসির মোড় চত্বরে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। বিক্রি কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে ভিড় সামলাতে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ ও র‌্যাব সদস্যদের।

পেঁয়াজ কিনতে আসা জেলা শহরের শাহীপাড়া মহল্লার রিকশাচালক দুলাল হোসেন (৪৫) বলেন, ‘বাজারে পুরাতন দেশি পেঁয়াজ প্রতি কেজি ২৩০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা দরে। তাই এক ঘণ্টা লাইনে থেকে ৪৫ টাকায় টিসিবির এক কেজি পেঁয়াজ কিনলাম।’ জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘এক কেজি পেঁয়াজের জন্য প্রায় তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দীর্ঘ এ লাইন পেঁয়াজের ট্রাক অবধি যখন পৌঁছবে তখন হয়তো পাবই না।’

জেলা শহরের টিসিবির পরিবেশক মেসার্স আবদুল মান্না এন্টারপ্রাইজের মালিক রহমতুল্লাহ রুহুল চুন্নু বলেন, ‘সরকার নির্ধারিত ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। এলাকার মানুষ পেঁয়াজ কিনতে ভিড় করছে। সোমবার বিক্রি করা হয় এক মেট্রিক টন। একজন ক্রেতাকে এক কেজি করে প্রদান করা হয়েছে।’

সূত্রমতে, জেলায় সাতজন টিসিবির ডিলার রয়েছে। এর মধ্যে শুধু একজন মেসার্স আবদুল মান্না এন্টারপ্রাইজ নামের পরিবেশক টিসিবি থেকে চার মেট্রিক টন পেঁয়াজ উত্তোলন করেছে। পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ ট্রাকে করে প্রতিদিন এক মেট্রিক টন করে বিক্রি করবে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত