নোয়াখালীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ)। গত রবিবার গভীর রাতে সদর উপজেলার নোয়ান্নাই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু উগ্রপন্থি বই ও প্রচারণা সামগ্রী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো নোয়ান্নাই গ্রামের মহিউদ্দিনের ছেলে মাহমুদুর রহমান সোহেল (২৬), নুর আলমের ছেলে মো. আবদুল্লাহ কবির (২৫), হুমায়ুন কবিরের ছেলে আরিফ হোসেন হৃদয় (২৩) ও কামাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২০)। তাদের বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা করেছেন।
সিটিইউর পুলিশ সুপার মোহাম্মদ মাহিদুজ্জামান বলেন, গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তারদের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করে।
