বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পাচ্ছে ফিনল্যান্ড

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০১:৪৬ এএম

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন ৩৪ বছর বয়সী সানা মারিন। দেশটির নারীদের নেতৃত্বাধীন জোট সরকারের প্রধান হিসেবে এ দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে সানা হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার।

বিবিসি বলছে, ডাক বিভাগের ধর্মঘট মোকাবিলায় ইস্যুতে আস্থা ভোটে হেরে ফিনিশ প্রধানমন্ত্রী আন্তি রিনে পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে পরিবহনমন্ত্রী মারিনকে বেছে নেয় তার দল সোশ্যাল ডেমোক্রেট পার্টি। মারিন একটি মধ্যবামপন্থি জোটের নেতৃত্ব দেবেন। এ জোটের পাঁচটি দলের সবগুলোর নেতৃত্বে আছেন নারীরা। তাদের মধ্যে চারজনেরই বয়স ৩৫ বছরের নিচে। বামপন্থি জোটের নেতৃত্বে আছেন ৩২ বছর বয়সী লি অ্যান্ডারসন, মধ্যপন্থি জোটের নেতৃত্বে ৩২ বছর বয়সী কাট্রি কুলমুনি, গ্রিন লিগের নেতৃত্ব দিচ্ছেন ৩৪ বছর বয়সী মারিয়া ওহিসালো। একমাত্র অ্যানা-মাজা হেনরিকসন ৫৫ বছর বয়সে সুইডিশ পিপলস পার্টি অব ফিনল্যান্ডের নেতৃত্বে দিচ্ছেন।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সানা সাংবাদিকদের বলেছেন, ‘জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমাদের অনেক কাজ করতে হবে।’ নিজের বয়সের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আমার বয়স বা লিঙ্গ নিয়ে কখনো ভাবি না। আমি ভাবি রাজনীতিতে নামার কারণগুলো নিয়ে। ভাবি ভোটারদের প্রতি দায়বদ্ধতার কথা।’

ফিনিশ গণমাধ্যম ওয়াইএলইর তথ্যানুযায়ী, একজন সিঙ্গেল মা মারিনকে গড়ে তুলেছেন এবং তিনি তার পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়া প্রথম সদস্য। এখনো তিনি মা এবং মায়ের নারী সঙ্গীর সঙ্গে ভাড়া বাসায় থাকেন। ২০১৫ সালে প্রথম সংসদ সদস্য হওয়ার পর এক সাক্ষাৎকারে সানা বলেছিলেন, ছোটবেলায় তার এ পরিবারের কথা অন্যদের মন খুলে বলতে না পাড়া তাকে পোড়াত। তবে মায়ের উৎসাহ আর অনুপ্রেরণাই তাকে আজকের অবস্থানে নিয়ে আসতে পেরেছে বলেও উল্লেখ করেন সানা।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে জন্মগ্রহণ করলেও দেশটির দক্ষিণাঞ্চলের শহর তামপেরেতেই বড় হয়েছেন। তামপেরে বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন বিজ্ঞানে নিয়েছেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। তার ২২ মাস বয়সী এক মেয়েও আছে।

সানা ছাড়াও বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে তরুণ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হোনচারুকের বয়স ৩৫ বছর, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের বয়সও ৩৫। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বয়স ৩৯ বছর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত