বিরোধীদের তীব্র প্রতিবাদের ভেতর ভারতের লোকসভায় পাস হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯। রাজ্যসভায় বিলটি পাস হলে তা আইনে পরিণত হবে।
নিম্নকক্ষে বিলটি পেশ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদে সরব হয় কংগ্রেস। বিলটি ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় নিরপেক্ষতার অবমাননা বলে মন্তব্য করেছে দলটি।
ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলটি পাস হয় বলে ভারতের গণমাধ্যম জানিয়েছে। বিলটির পক্ষে ভোট পড়ে ৩১১টি, বিপক্ষে ভোট দেন ৮০ জন।
সোমবার সকাল থেকেই বিতর্কিত বিলটির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আসাম ও ত্রিপুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।
বিলে বলা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে ভারতে শরণার্থী হিসেবে হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। সেখানে প্রতিবেশী দেশ থেকে যাওয়া মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।
