গণহত্যার শুনানি নিয়ে কক্সবাজারে রোহিঙ্গাদের দোয়া

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৭ এএম

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে শুনানিকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার কক্সবাজারের উখিয়া-টেকনাফ ক্যাম্পগুলোতে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এর আগে মিছিল-সমাবেশ করতে চাইলে  অনুমতি পায়নি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)।

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে গতকাল উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া,সীমান্তে শূন্যরেখা, টেকনাফের শালবন, নয়াপাড়া, জামিদুরা, লেদাসহ বেশ কয়েকটি ক্যাম্পের মসজিদ, স্কুল ও মাদ্রাসায় দোয়া মাহফিলে শত শত রোহিঙ্গা অংশ নেয়।

নাম প্রকাশ না করার শর্তে এআরএসপিএইচ’র এক নেতা বলেন, হেগে আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু হতে যাচ্ছে। এ বিচার যথাযথ প্রক্রিয়ায় রোহিঙ্গাদের পক্ষে রায় পাওয়ার জন্য এখানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু কর্মসূচি পালনে কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে মোনাজাত ও দোয়া মাহফিল করছি।

তুমব্রম্ন শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পের নেতা দিল মোহাম্মদ বলেন, ‘রোহিঙ্গা গণহত্যার দায়ে আইসিজে আদালতে বিচার শুরু হতে যাচ্ছে। রোহিঙ্গারা যাতে সুবিচার পায়, এজন্য এখন মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল চলছে। আল্লাহর কাছে দোয়া করছি যেন আত্মীয়-স্বজনদের হত্যার সুবিচার পাওয়া যায়।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে মিছিল-সমাবেশের অনুমতি চেয়েছিল কিন্তু দেওয়া হয়নি। এ বিচার নিয়ে যাতে ক্যাম্পে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়, সেজন্য সংশ্লিষ্টরা সতর্ক রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, তিনি মিছিল-সমাবেশের কিছুই জানেন না। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ও এ বিষয়ে কিছু বলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত