ধামরাইয়ে অপহরণের ৩ দিন মবিনের লাশ উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩ পিএম

ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা এলাকা থেকে অপহরণের ৩দিন পর সীমান্তবর্তী গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে মবিন নামে পাঁচ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় অপহরণকারী আজিজুল ইসলাম নামে এক অপহরণকারীকে  গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার সকালে শিশু মবিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ। এর আগে মঙ্গলবার রাতে ধামরাইয়ের সীমান্তবর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার থানাধীন মঙ্গলবাড়ি এলাকার একটি খালে কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশু মবিন (৫) ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল করিমের ছেলে। গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম (৩০) একই গ্রামের মফিজ উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের কাজ করত। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়।

থানা পুলিশ জানায়, গত ৭ ডিসেম্বর বিকেলে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকায় নিজ বাড়ির পাশে একটি মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু মবিন। এরপর তাকে কোথাও খুঁজে না পেয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। এরপর পুলিশ অভিযান চালিয়ে শিশু মবিনকে অপহরণের ঘটনায় আজিজুল নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে আজ সকালে বাড়ি  থেকে ২শ মিটার দূরে সীমান্তবর্তী গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মঙ্গলবাড়ি এলাকার একটি খালে কচুরিপানার ভেতর লুকানো শিশু মবিনের মরদেহ উদ্ধার করা হয়।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, শিশু মবিনকে মুক্তিপণ আদায়ের উদ্দেশেই খেলার মাঠ থেকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি বাড়ির কেয়ারটেকার আজিজুল। পরে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে একটি ফোন নম্বর লেখা চিরকুট উদ্ধার করা হয়। যেখানে লিখা ছিল- ছেলেকে ফিরে  পেতে এই নম্বরে যোগাযোগ করো।

পরবর্তীতে পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ওই ফোন নম্বরের সূত্র ধরে শিশু মবিনদের পাশের বাড়ির কেয়ারটেকার আজিজুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে খালের মধ্যে কচুরিপনার ভেতর থেকে শিশু মবিনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার আজিজুলের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত