মাদারীপুরে সংঘর্ষে আহত ৭

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১১:৩০ পিএম

মাদারীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় গত মঙ্গলবার রাত ৯টার দিকে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এজাজ আকনের সঙ্গে সাহেবালী মাতুব্বরের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কয়েক মাস আগে নিহত হন সাহেবালী মাতুব্বর।

সাহেবালী হত্যা মামলার আসামি সম্প্রতি জামিনে ছাড়া পান। গত মঙ্গলবার রাতে এ ঘটনার জের ধরেই দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিহত সাহেবালী মাতুব্বরের সমর্থক ইলিয়াস মাতুব্বর, মনু মোল্লা, ফারুক মাদবর, হানিফ মাদবর, রাজিব মাদবরসহ কমপক্ষে ৭ জন আহত হন।

নিহত সাহেবালী মাতুব্বরের ছেলে পান্নু মাতুব্বর বলেন, ‘আসামি জামিন পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের ওপর হামলা করেছে। আমরা এর বিচার চাই।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, পুলিশ এলাকা পরিদর্শন করেছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত