নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৬১০০ লিটার চোরাই জেট ফুয়েল (বিমানের তেল) উদ্ধার করেছে র্যাব-১১। চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্ধ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মো. ইসমাইল ওরফে রিপন (৪৪) নামে এক ব্যক্তিকে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোদনাইল বার্মাশীল ও সুমিলপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব।
গতকাল বুধবার দুপুরে র্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯টি ড্রাম ভর্তি করে দুটি পিকআপ ভ্যান দিয়ে চোরাই তেল সরবরাহ করার প্রস্তুতি গ্রহণের সময় অভিযান চালানো হয়। উদ্ধার তেলের দাম আনুমানিক ৪ লাখ ৩০ হাজার টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপোকে ঘিরে চোরাই তেল কেনাবেচার কয়েকটি চক্র গড়ে উঠেছে। ডিপো থেকে দৈনিক শত শত ট্যাঙ্কলরি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে।
কিছু অসাধু লরিচালক ও হেলপার নামমাত্র দামে লরি থেকে চুরি করে চক্রের সদস্যদের কাছে তেল বিক্রি করে। চোর চক্র এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
