গাজীপুরের কালীগঞ্জ ও পটুয়াখালীর দুমকিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় গতকাল বুধবার আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে।
কালীগঞ্জে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা।
গাজীপুর জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ। পরে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করা নারী রাশিদা আক্তারের হাতে জয়িতা সম্মাননা তুলে দেওয়া হয়।
অন্যদিকে পটুয়াখালীর দুমকিতে সম্মাননাপ্রাপ্তরা হলেন অর্থনৈতিক সফলতায় তানিয়া আক্তার, সমাজ উন্নয়নে ফরিদা ইয়াসমিন, সফল মাতা শামসুন্নাহার বেগম, শিক্ষা ও চাকরিতে মরিয়ম খানম ও নারী নির্যাতনের বিভীষিকা কাটিয়ে নতুন করে সুখী জীবন অর্জনে ফারজানা ইয়াসমিন লিপি।
