নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু ও সেক্রেটারি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সম্প্রতি পল্টন ও শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় গতকাল বুধবার হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করে এ আদেশ দেয়। আদালতে তাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ।
এদিকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ গতকাল এক আদেশে তাকে আট সপ্তাহের আগাম জামিন দেয়। দুদুর পক্ষে শুনানিতে ছিলেন জেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।
গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নেন শামসুজ্জামান দুদু। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা হয়। এ অভিযোগে মাদারীপুরে দায়ের করা মামলায় গত ২৩ অক্টোবর হাইকোর্ট থেকে আগাম জামিন পান দুদু।
