পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়াই ইট তৈরি করায় শরীয়তপুরের জাজিরা উপজেলায় পাঁচটি ভাটায় জরিমানা ও উচ্ছেদ করা হয়েছে। ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তুহিন আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উচ্ছেদ ও জরিমানা করা ইটভাটাগুলো হলো– শরীয়তপুরের জাজিরা উপজেলার বোয়ালিয়া এলাকার কৃত্তিনাশা ব্রিকস, বর্ষ আলী ব্রিকস, ভান্ডারি ব্রিকস, যমুনা ব্রিকস ও মেসার্স জেআইবি ব্রিকস ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাঁচটি অবৈধ ইটের ভাটা জরিমানা ও উচ্ছেদ করা হয়। এ সময় জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তুহিন আলম জানান, অবৈধভাবে পরিচালনা করায় পাঁচটি ইটভাটা কৃত্তিনাশা ব্রিকস এক লাখ, বর্ষ আলী ব্রিকস ৫০ হাজার, ভান্ডারি ব্রিকস, ৫০ হাজার, যমুনা ব্রিকস এক লাখ টাকা ও মেসার্স জেআইটি ব্রিকস মালিককে তিন লাখ টাকা, মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে মেসার্স জেআইটি ব্রিকসকে জরিমানাসহ ভাটাটি উচ্ছেদ করা হয়। এই ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিভিয়ে দেন। পরে ভেকু দিয়ে ভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
