মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালির অংক এলাকায় নির্মাণাধীন থানা ভবনের বারান্দার ঢালাইয়ের ছাদ ধসে পড়ার দুই ঘণ্টা পর ধ্বংস স্তূপ থেকে আটকে পড়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংস স্তূপের ভেতর থেকে মো. মন্নাফ (১৭) নামে শ্রমিকের লাশ উদ্ধার করে। নিহত মন্নাফ নাটোরের সিংড়া উপজেলার কৈ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, তাৎক্ষণিক সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় তিন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে। দুই ঘণ্টা পর ধ্বংস স্তূপ থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেন তারা। ময়নাতদন্তর জন্য শ্রমিকের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
