নাইজারে সন্ত্রাসী হামলায় ৭১ সৈন্য নিহত

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ পিএম

আফ্রিকার দেশ নাইজারের একটি সামরিক ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৭১ জন সৈন্য নিহত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর উদ্ধ…তি দিয়ে জানিয়েছে বিবিসি। এ হামলাকে স্মরণকালে নাইজারের সামরিক বাহিনীর ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী হামলা বলা হচ্ছে।

নাইজার সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল বৌবকর হাসান জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় নাইজারের পশ্চিমাঞ্চলীয় শহর ইনাতেসের একটি সামরিক ঘাঁটিতে কয়েকশ সন্ত্রাসী হামলা চালায়। তিন ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে লড়াই চলে।

হামলায় আরও ১২ জন সৈন্য আহত হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক সৈন্য নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন তিনি। লড়াইয়ে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ সন্ত্রাসীও নিহত হয়েছে বলে তিনি দাবি করেন। গত মে ও জুলাই মাসে একই এলাকায় ইসলামিক স্টেটের (আইএস) পশ্চিম আফ্রিকা শাখার সন্ত্রাসীদের দুটি হামলায় নাইজারের প্রায় ৫০ জন সৈন্য নিহত হয়েছিল। মঙ্গলবারের ঘটনার সময় নাইজারের প্রেসিডেন্ট মাহামাদু ইউসুফু মিসর সফরে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত