আগামী ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ মোট ৮ জন পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বিএনপির মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনএফ সভাপতি এসএম আবুল কালাম আজাদ, ন্যাপ নেতা বাপন দাশগুপ্ত, গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী, ইসলামিক ফ্রন্ট প্রার্থী এস এম ফরিদ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক।
তবে মনোনয়নপত্র সংগ্রহ করেও দাখিল করেননি এই আসনের বিএনপির সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খান।
চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি মেনেই মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি।
গত ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় জাসদের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করা হয়। চট্টগ্রাম-৮ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
