সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেখে-শুনে সব দুর্নীতিবাজকে গ্রেপ্তার করা হবে।
গতকাল দুপুরে কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। এখানে সরকারের করার কিছু নেই।
৬ বছর পর কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। জেলা স্টেডিয়ামে কাউন্সিলের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী।
পরে শহরের শেখ রাসেল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম চাওয়া হলে সভাপতি পদে সাত ও সাধারণ সম্পাদক পদে চারজনের নাম প্রস্তাব করা হয়। এরপর কেন্দ্রীয় নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে সম্মেলন কক্ষে এসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলীকে সভাপতি ও যুগ্ম সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
