বিয়ের আগের রাতে মেয়ে পালিয়ে যাওয়ায় হালিমা বেগম নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। যশোরের মনিরামপুর উপজেলার দীঘিরপাড় গ্রামে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। হালিমা মালয়েশিয়াপ্রবাসী হোসেন আলীর স্ত্রী।
এলাকাবাসী জানান, হোসেন আলীর বড় মেয়ের বিয়ে হয়েছিল উপজেলার বাকোশপোল গ্রামে। পারিবারিক কলহের কারণে কয়েক মাস আগে তাকে তালাক দেন স্বামী। সম্প্রতি হোসেন দেশে ফিরে মেয়ের বিয়ে ঠিক করেন। গতকাল বিয়ের কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে মেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এতে লোকলজ্জার ভয়ে হালিমা বৃহস্পতিবার রাত ৪টার দিকে বিষপান করেন। উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে হালিমার লাশ হস্তান্তর করা হয়েছে।
