দীর্ঘ ১৬ বছর পর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে নতুন কমিটি গঠন করা হয়নি এদিন। এই উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের নেতাদের।
গতকাল শুক্রবার সকালে উপজেলার নিউ হোস্টেল মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ নুরুল আমিন রুহুল। এর আগে সর্বশেষ ২০০৩ সালে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির হোসেনের পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল্লাহ মাস্টার, আহছানউল্যা ও মনজুর আহমেদ প্রমুখ।
