গাজীপুরে ডায়রিয়ার প্রকোপ

সিটির স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০২:৫৫ এএম

গাজীপুর সিটি কপোরেশনের বিভিন্ন এলাকায় শিশুসহ বাড়ছে ডায়রিয়া রোগী। এর মধ্যে গত ছয় দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু ও প্রায় চার শতাধিক অসুস্থ হয়েছে। নগরীর কাজীবাড়ি, ছোট দেওড়া, পূর্ব চান্দনা এলাকায় ডায়রিয়া রোগী বেশি। পরিস্থিতি মোকাবিলায় সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। সচেতন করতে করা হচ্ছে মাইকিং। গাজীপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমত উল্লাহ জানান, সিটি করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা প্রতিটি পরিবারে ১০টি স্যালাইনের প্যাকেট ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছেন। আরও ৫০ হাজার ট্যাবলেট ও ২০ হাজার প্যাকেট স্যালাইন মজুদ রয়েছে। স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন স্থানে মাইকিং করছেন। এ ছাড়া বাড়ি বাড়ি গিয়ে মানুষদের পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন। ডায়রিয়ায় আক্রান্তদের তালিকা তৈরি করা হচ্ছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, শুক্রবার বিকেল পর্যন্ত হাসপাতালে নতুন করে ১২০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী চিকিৎসা নিতে আসে। এর মধ্যে ৭২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত