রুম্পার ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০১:৩১ পিএম

রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে মৃত উদ্ধার হওয়া রুবাইয়াত শারমিন ওরফে রুম্পার (২০) ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের কোন আলামত পাওয়া যায়নি।

এ কথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

শনিবার দুপুরে তিনি বলেন, “ময়নাতদন্তের সময় প্রাথমিকভাবে তার শরীরের ফ্যাকচারগুলো দেখে মনে হয়েছে ওপর থেকে পড়েই মারা গেছে। তবে মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য আমরা তার মৃতদেহ থেকে হাইভেজেনাল সপ সংগ্রহ করর পরীক্ষাগারে পাঠাই।”

ডা. সোহেল বলেন, “আজ সেই রিপোর্টটি এসেছে। সেখানে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এবং ওপর থেকে পড়ে রুম্পার মৃত্যু হয়েছে। এই প্রাথমিক রিপোর্টটি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকি আরও দুটি রিপোর্ট আসার পর চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে।”

রুম্পা স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাজধানীর শান্তিবাগে একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে থেকে পড়াশোনা করতেন রুম্পা ও তার ছোট ভাই।

তার বাবা মো. রুকুন উদ্দিন হবিগঞ্জে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত। পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন রুম্পা।

৪ ডিসেম্বর টিউশনি শেষে রুম্পা বাসায় ফেরেন। এরপর কাজ আছে বলে আবার বাসা থেকে বের হন। কিন্তু এরপর রাতে আর বাসায় ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

ওই দিনই রাত পৌনে ১১টার দিকে রুম্পার লাশ সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের বাসার সামনে থেকে অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হয়। পরদিন মা ও অন্যান্য স্বজনরা রমনা থানায় গিয়ে লাশের ছবি দেখে তাকে শনাক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত