প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৩১ পিএম

জামালপুরে নানা আয়োজনে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রয়াত আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার তার নিজ শহর জামালপুরে মৌন শোভাযাত্রা ও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন এবং তার স্বজনরা।

শনিবার দুপুরে আমজাদ হোসেন চর্চা কেন্দ্রের উদ্যোগে শহরের তমালতলা থেকে একটি মৌন শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি বকুলতলা হয়ে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আলী ইমাম দুলাল, কবি ও সাংবাদিক সায্যাদ আনসারী, তারিকুল ফেরদৌসসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের সদস্যরা আমজাদ হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ৭৬ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় আমজাদ হোসেনের মৃত্যু হয়। পরে জামালপুর পৌর কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে কবরস্থ করা হয়।

তিনি ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুর শহরের ইকবালপুরে জন্মগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত