ফিলিস্তিনের গাজায় বসবাসরত খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বেথলেহেম যাওয়া নিষিদ্ধ করেছে ইসরায়েল।
বিবিসি বাংলা জানায়, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির খ্রিস্টানদের ওপর এমন নিষেধাজ্ঞা আনা হয়েছে বলে জানিয়েছে ইহুদি রাষ্ট্রটি।
অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেম শহর। গাজা এলাকার খ্রিস্টানরা যিশুর জন্মদিন উপলক্ষে সেখানে তীর্থযাত্রা করতে যেতো।
এদিকে বড়দিন আসতে আর মাত্র দু'সপ্তাহেরও কম সময় বাকি। এমন সময় এই নিষেধাজ্ঞা আনল ইসরায়েল।
দেশটির একজন কর্মকর্তা জানান, গাজার খ্রিস্টানদের শুধু বিদেশে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে এবং নিরাপত্তা সংক্রান্ত এক আদেশের কারণে এ বছর তাদের পশ্চিম তীরে আসতে দেয়া হবে না।
গাজায় প্রায় এক হাজার গ্রিক অর্থোডক্স খ্রিস্টান বাস করে। এর আগে তাদের বেথলেহেম যাওয়ার অনুমতি দিত ইসরায়েল। গত বছর গাজা থেকে প্রায় সাতশ' খ্রিস্টানকে বড়দিনের সময় বেথলেহেম যাওয়ার জন্য 'পারমিট' দেয়া হয়েছিল।
এদিকে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বেথলেহেম যেতে না দেওয়ার সিদ্ধান্তে কঠোর নিন্দা জানিয়েছে হামাস।
হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করে।
গাজার খ্রিস্টানদের বেথলেহেম যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন চার্চের নেতারাও।
ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী গিশা একে ‘ইসরায়েলের বৈষম্যমূলক নীতি আরও গভীর হওয়ার’ একটি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে।
গাজার আয়তন মাত্র একশ' একচল্লিশ বর্গমাইল এবং সেখানে বাস করে প্রায় সাড়ে ১৮ লাখ লোক। ফিলিস্তিনি মুক্তি আন্দোলন সংগঠন হামাস ২০০৭ সাল থেকে এই এলাকাটি নিয়ন্ত্রণ করছে।
